মালয়েশিয়ার গোপন আস্তানায় অভিযান চালিয়ে বাংলাদেশীসহ গ্রেফতার ৭৪

মালয়েশিয়ার গোপন আস্তানায় অভিযান চালিয়ে বাংলাদেশীসহ গ্রেফতার ৭৪
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পেরাকে একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে ৭৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) রাজ্যের লুমুতের বন্দর বারু সেগারি এলাকায় বিশেষ এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত ইন্দোনেশিয়ার দুই নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে, যারা ওই আস্তানার দেখাশোনা ও পরিবহনের দায়িত্বে ছিলেন।

মানজুং জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসবুল্লাহ বিন আব্দুর রহমান এক বিবৃতিতে জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে মানজুং জেলা পুলিশ সদর দপ্তর এবং মেরিন পুলিশের গোয়েন্দা ইউনিটের যৌথ দল দুটি পৃথক বাড়িতে এই অভিযান পরিচালনা করে।

অভিযানে আটক অভিবাসীদের মধ্যে ৪৭ জন পুরুষ, ২৫ জন নারী এবং দুজন শিশু। তারা মূলত ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের নাগরিক বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

পুলিশ প্রধান আরও জানান, আটক অভিবাসীদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মানজুং জেলা পুলিশ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া ইন্দোনেশিয়ার দুই নাগরিকের বিরুদ্ধে ‘অ্যান্টি-ট্রাফিকিং ইন পারসনস অ্যান্ড অ্যান্টি-স্মাগলিং অব মাইগ্র্যান্টস অ্যাক্ট ২০০৭’ (অ্যাক্ট ৬৭০) এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।

এ ধরনের মানবপাচার ও অবৈধ অভিবাসন নির্মূলে স্থানীয় জনগণের সহায়তা চেয়েছেন পুলিশ কর্মকর্তারা। অভিবাসন সংক্রান্ত কোনো সন্দেহভাজন কার্যক্রম বা তথ্য থাকলে মানজুং পুলিশ কন্ট্রোল রুমের ০৫-৬৮৮ ৬২২২ নম্বরে অথবা হোয়াটসঅ্যাপ হটলাইন ০১৭-৬৮২ ৮০৫ নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য জনসাধারণকে আহ্বান জানিয়েছেন তারা।

স্টাইল
কলাম
টাইটেল ও টেক্সট
ছবি নিয়ন্ত্রণ
ছবি বিন্যাস
হরফের আকার
অ্যাকশন
ইপেপার ইমেজ তৈরি হচ্ছে...